বই মানুষের কৃত্রিম বন্ধু হলেও অকৃত্রিম অকৃপণ বন্ধুর মতো উদার মহানুভবে পাশে থাকে। বই মানুষকে আলোর পথ দেখায়,ভালোর সঙ্গে থাকতে সহায়তা করে।
একটি ভালো বই অশান্ত হৃদয় মুহূর্তেই শান্ত করে দিতে পারে। এ সমাজ বইবিমুখ হয়ে পড়ছে। মানুষেরা হারিয়ে যাচ্ছে অন্তর্জাল দুনিয়ার টোপে।
এই ফাঁদ যেন নেশার চেয়েও ভয়ংকর। আজকের আইটি দুনিয়ায় প্রতিটি ইলেকট্রনিকস ডিভাইসের সুফলের পাশাপাশি রয়েছে মারাত্মক কুফল। আমরা ক্রমশ মোবাইলের উপকারের কথা ভুলে গিয়ে এক বিনাশী পথে পা বাড়াচ্ছি।
এসমাজ মোবাইলে এত বেশি আসক্ত হয়ে গেছে যে আগামী কয়েক প্রজন্ম পর হয়তো এসব মানুষ একধরনের মানসিক চাপ নিয়ে অলস হয়ে পড়বে।
আমাদের এখনই তা থেকে উত্তরণের পথ বের করতে হবে, এসমাজকে বইমুখী করতে হবে কারণ আপনি অনলাইনে বই পড়লে হবে না, কাগুজে বই হাতে নিয়ে পড়তে হবে। আপনি যখন কিছুক্ষণ বইয়ে ডুবে থাকবেন তখন এক শান্তি অনুভূব করবেন।
এসব কথাগুলো বলেছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।
তিনি আজ বুধবার(২৭ মার্চ) বিকালে পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় এসব বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।এছাড়া তরুণ সমাজকে আলোকিত করতে করতে নানাবিধ ইলেকট্রনিকস ডিভাইসের ছোবল থেকে রক্ষা করতে পৌরবাজার এলাকার নির্দিষ্ট কোনো জনসমাগম এলাকায় একটি পাঠাগার নির্মাণ করার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, দি এশিয়ান এইজ দাউদকান্দি প্রতিনিধি লিটন সরকার বাদল, প্রতিদিনের বাংলাদেশ দাউদকান্দি প্রতিনিধি, মামুনুর রশিদ রুবেল, দ্যা বাংলাদেশ টুডে দাউদকান্দি প্রতিনিধি ও কবি হোসাইন মোহাম্মদ দিদারসহ আরও অনেকে।














