পাবনার ভাঙ্গুড়ায় তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি।
প্রচণ্ড গরমের মধ্যেও যারা জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন, সেই সব ব্যক্তিদের কিছুটা স্বস্তি দিতে সড়কে পানি ছিটাচ্ছে ভাঙ্গুড়া পৌরসভা কর্তৃপক্ষ।
আজ শনিবার (৪ মে) ভাঙ্গুড়া পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে গিয়ে কর্মীদের পানি ছিটাতে দেখা গেছে।
ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব শেখ আব্দুস সামাদ বলেন, পানি দেওয়ার কারণে রাস্তার গরম সাময়িকভাবে কিছুটা হলেও কমে যায়। পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগ কিছুটা সময় হলেও সড়কে থাকা মানুষদের স্বস্তি দিচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র বরাত আলী দৈনিক সবুজ বাংলাকে বলেন, প্রতিদিন অনেকটা কৃত্রিম বৃষ্টির মতো ঝিরঝির করে পানি ছিটানো হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে রাস্তায় চলাচলকারী মানুষ এতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন।














