চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুজন চন্দ্র নাথ (৩০)। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সুভাষ চন্দ্র নাথের ছেলে।
সুজনের প্রতিবেশী অহিদুর রহমান সবুজ বাংলাকে জানান, প্রতিদিনের মতো বিএসআরএম কারখানায় কাজ করছিলেন সুজন। অসাবধানবসত নিচে পড়ে গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএসআরএম গ্রুপের ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা সবুজ বাংলাকে জানান, দুপুরে কাজ করার সময় সুজন নামে এক শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সবুজ বাংলাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।














