অবরুদ্ধ গাজায় ত্রাণসহায়তার অভাবকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় হিসেবে বর্ণনা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কার্যকর স্থলপথের অভাবের কারণে এই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। গাজায় দ্রুত মানবিক সহায়তা দরকার। এ জন্য যতটা সম্ভব কাজ করে যাচ্ছে ইইউ।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজাবাসীর জন্য অতিপ্রয়োজনীয় খাবার নিয়ে স্পেনের একটি জাহাজ এরই মধ্যে সাইপ্রাস থেকে রওনা দিয়েছে। গাজার মানুষের জন্য সহায়তা পাঠানোর দ্রুততম পন্থা হলো স্থলপথের ব্যবহার। কিন্তু ইসরায়েলি নিরাপত্তা বাহিনী স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। তাই বিকল্প পথে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিতে হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জর্ডানসহ অনেক দেশ উড়োজাহাজ থেকে গাজায় ত্রাণ ফেলেছে। এখন সমুদ্রপথে সেখানে ত্রাণ পাঠানো হচ্ছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
















