চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে রুহুল আমীন নামে এক ট্রাফিক ইন্সপেক্টর মারা গেছেন। গতকাল দুপুরে দায়িত্ব পালন করা অবস্থায় মারা যান তিনি। চিকিৎসক ধারণা করছেন, হিট স্ট্রোকে মারা গেছেন রুহুল আমীন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও স্থলবন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলাম তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল আমীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল এলাকার কোরবান আলীর ছেলে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘রুহুল আমীন দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল বলেন, ‘রুহুল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকজনিত কারণেই তিনি মারা গেছেন।’ এদিকে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।
অন্যদিকে হিট অ্যালার্টের (তাপদাহের সতর্কতা) মেয়াদ আরো তিনদিন (৭২ ঘণ্টা) বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে তাপদাহের সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী দু’দিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একই সঙ্গে এ সময়ে তাপমাত্রা আরো সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।














