পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে জেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইন্সটিটিউট হল রুমে শনিবার দুপুরে খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তরের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মৎস্য আহ্বায়ক শতরুপা চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
কর্মশালায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। প্রান্তিক অঞ্চলে মানুষদের স্বাবলম্বী করতে মৎস্য চাষ প্রকল্প গ্রহণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বেকারত্ত্বের হার হ্রাস পাচ্ছে এবং তারা উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহকারী প্রকল্প পরিচালক শরৎ কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সদর উপজেলার নিবন্ধিত ২৫ জন মৎস্যজীবি কৃষকদের মধ্যে ১৫ জন’কে ছাগল, ৩ জন’কে মাছ ধরার জাল, ৭ জন’কে শুকুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে।














