রংপুর বিএসটিআই অভিযান চালিয়ে শামসুল হক ও আব্দুর রহিম নামে দুই ব্যক্তির এক বছর করে জেল এবং কারখানার যন্ত্রপাতি জব্দ করেছে। গত বৃহস্পতিবার বিকালে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় ও রংপুর জেলা প্রশাসন এবং র্যাব যৌথভাবে রংপুর মহানগরীতে এ অভিযান পরিচালনা করে। বিএসটিআই সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট অভিযানে নগরীর পূর্ব খাসবাগ মেসার্স সফট ফুড লিমিটেড নামে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার অপারাধে বিএসটিআই আইনে ২টি মামলা দায়ের করা হয়।
মামলায় শামসুল হক ও মো. আব্দুর রহিমকে এক বছর করে বিনাশ্রম কারদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও জুস তৈরির কাজে ব্যবহৃত কারখানার সকল যন্ত্রপাতি জব্দ করে কারখানা সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাইয়ুম খান। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. মো. তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার প্রমুখ।














