‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। বাজেটের সব তথ্য কয়েকটি সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিন বিকাল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।
বাজেট পেশ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে ও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি দেশ বা বিদেশ থেকে [email protected] –এ ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।
মন্ত্রণালয় আরও জানায়, বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাজেটে এনবিআর থেকে রাজস্ব আদায় হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। মোট ঘাটতি থাকার সম্ভাবনা আছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
















